নিউ জিল্যান্ড বনাম ভারত: তৃতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারত জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করতে চাইবে

Team New Zealand
Team New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

আগামী ৩০শে নভেম্বর বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও ভারত। কিউইরা বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় খেলাটি ভেস্তে যাওয়ার আগে প্রথম ম্যাচে তারা সাত উইকেটের বিশাল জয় পায়। স্বাগতিকরা এখন সিরিজ জয়ের লক্ষ্যে থাকবে, এবং অন্যদিকে মেন ইন ব্লু সফরের শেষ ম্যাচ জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করার চেষ্টা করবে।

ভারতের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মিডল অর্ডার ব্যাটার টম ল্যাথাম অপরাজিত ২২১ রানের জুটি গড়েছিলেন। উইলিয়ামসন ৯৮ বলে ৯৪* রান করে অপরাজিত থাকেন, এবং ল্যাথাম মাত্র ৭৬ বলে সেঞ্চুরি করার পাশাপাশি মাত্র ১০৪ বলে ১৪৫ রান করেন।

শিখর ধাওয়ান, শুবমান গিল এবং শ্রেয়াস আইয়ার হাফ সেঞ্চুরি করে ভারতকে একটি উপযুক্ত সূচনা দিলেও স্ট্রাইক রেট সংক্রান্ত আলোচনা আবারও উঠে এসেছে। দুই ওপেনারের কেউই বিশেষ আগ্রাসী ব্যাটিং করেননি। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর কিছু বড় শট না খেললে ভারতের পক্ষে ৩০০ অতিক্রম করা সম্ভব হত না। অন্যদিকে, বল হাতে ভালো শুরু করেও মাঝের ওভারে বিভ্রান্ত হয়ে পড়েন বোলাররা। রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের বোলিং সমালোচনার মুখে পড়েছিল।

দ্বিতীয় ম্যাচে ১৩ ওভারও সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং সেই সময়ের মধ্যে গিল ও মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব ভালো স্পর্শে ছিলেন।

পিচ কন্ডিশন

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বুধবার ম্যাচের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রাথমিক ওভারগুলিতে বোলাররা সহায়তা পেলেও ম্যাচ যত এগোবে ততই ব্যাটিং দলের জন্য পরিস্থিতি সহজ হয়ে উঠবে। পিচ অত্যন্ত দ্রুতগতির হবে এবং ২৮০-র কাছাকাছি স্কোর তুলতে পারলে ম্যাচ হাড্ডাহাড্ডি হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

নিউ জিল্যান্ড

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি কেউই এবং তার আগের ম্যাচে দলের মিডল অর্ডার অসামান্য ফর্ম দেখিয়েছিল। একাদশে খুব বেশী পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একটি ওডিআই ম্যাচেও সুযোগ না পাওয়া জেমস নিশ্যামকে খেলানোর কথা ভাবতে পারে কিউয়িরা।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, জেমস নিশ্যাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি।

ভারত

অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনার হিসেবে শুবমান গিল ধারাবাহিকভাবে রান করছেন। মিডল অর্ডার নিয়ে খানিক চিন্তা রয়েছে এবং তাই তৃতীয় ম্যাচে ব্যাটিং ক্রমে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সঞ্জু স্যামসন ব্যাট হাতে ভালো পারফর্ম করায় তাঁর হাতে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দিয়ে বাদ দেওয়া হতে পারে ফর্মে না থাকা ঋষভ পান্তকে। এ ছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের জায়গায় আসতে বাঁ-হাতি রিস্ট স্পিনার পারেন কুলদীপ যাদব। একাদশে ফেরানো হতে পারে শার্দূল ঠাকুরকেও।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, উমরান মালিক, কুলদীপ যাদব।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১১২ | নিউ জিল্যান্ড – ৫০ | ভারত – ৫৫ | অমীমাংসিত – ৬ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ৩০শে নভেম্বর, ভারতীয় সময় সকাল ৭:০০

লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম

close whatsapp