মাওরিদের বিশেষ অভ্যর্থনার মাধ্যমে মাউন্ট মাউঙ্গানুইতে স্বাগত জানানো হল টিম ইন্ডিয়াকে

অভ্যর্থনা করা হল 'পাওহিরি' মাধ্যমে

Indian Cricket Team
Indian Cricket Team. (Image Source: Twitter)

তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য ভারতীয় দল ১৯শে নভেম্বর, শনিবার, নিউ জিল্যান্ডের মাউন মাউঙ্গানুইতে পৌঁছেছে। সেখানে গিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়ার সদস্যরা একটি অভিনব অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। মাউন্ট মাউঙ্গানুইতে পৌঁছনোর পর সেখানকার ঐতিহ্যগত মাওরি সংস্কৃতির দ্বারা স্বাগত জানানো হয়েছে টিম ইন্ডিয়াকে।

সফরকারী দলের সদস্যদের সম্বোধন জানানো হয়েছিল মাওরি ‘পাওহিরি’র মাধ্যমে। মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামের মানা হোয়েনুয়া (অধিকারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক) ঙ্গাই তুকাইরাঙ্গি ও ঙ্গাতি কুকু-র কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন স্কোয়াডের সদস্যরা। এমন অভিনব অভিজ্ঞতার সাক্ষী হতে পারাই ভারতীয় দলের খেলোয়াড়দের উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

একটি মাওরি স্বাগত অনুষ্ঠানের মধ্যে সাধারণত বক্তৃতা, নাচ, গান এবং শেষে হোঙ্গি (পরস্পরের নাক ঠেকিয়ে ঐতিহ্যসবাহী সম্বোধন) অন্তর্ভুক্ত থাকে। সাধারণত কোন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানানোর জন্য মাওরিরা এমনভাবে সম্বোধন করে থাকে।

মাউন্ট মাউঙ্গানুইতে ম্যাচ জিতলেই সিরিজ হারার সম্ভাবনা সমীকরণের বাইরে চলে যাবে

শুক্রবার, ১৮ই নভেম্বর, ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে অবিরাম বৃষ্টির কারণে টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে টসও সম্ভব হয়নি। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য টিকেটের চাহিদা তুঙ্গে এবং ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে একটি উত্তেজক ম্যাচ হওয়ার আশা করা যায়। আপাতত মাউন্ট মাউঙ্গানুইয়ের আবহাওয়া খেলা হওয়ার জন্য উদ্বেগজনক নয়।

অস্ট্রেলিয়ায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল পর্ব থেকে বিদায় নেওয়ার পর দুই দলই নতুনভাবে শুরু করতে চলেছে তাদের টি-২০ অভিযান। অ্যাডিলেড ওভালে ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে দশ উইকেটের লজ্জাজনক পরাজয়ের শিকার হওয়ার আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রানার্স-আপ পাকিস্তানের কাছে নিউ জিল্যান্ড সাত উইকেটের ব্যবধানে হেরেছিল।

২০২৪-এর টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দল হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বাছাই করে নিউ জিল্যান্ড পাঠিয়েছে। সেইসঙ্গে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেওয়ার জন্য।

অন্যদিকে, নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট বোর্ডের দেওয়া কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করায়, তাঁকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে কিউয়িরা। এ ছাড়া মার্টিন গাপ্টিলও স্কোয়াডের অংশ নন। টি-২০ বিশ্বকাপে বিশেষ সুযোগ না পাওয়া অ্যাডাম মিল্‌ন ও মাইকেল ব্রেসওয়েল এই সিরিজে সুযোগ কাজে লাগাতে চাইবেন।

close whatsapp