“আফ্রিদি আহত না হলে ফাইনাল আরও আকর্ষণীয় হত” – পর্যবেক্ষণ সচিনের

মাত্র ২.১ ওভার করার পরেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল শাহীন আফ্রিদিকে

Sachin Tendulkar
Sachin Tendulkar. (Photo by NIKLAS HALLE’N/AFP via Getty Images)

রবিবার (১৩ই নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রচুর দর্শকের সমাগমের মাঝে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে একটি টানটান উত্তেজক ম্যাচ দেখা গেছে। বেন স্টোকস আবারও ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ মুহুর্তে রক্ষাকর্তা হিসেবে হাজির হয়েছিলেন এবং অপরাজিত অর্ধশতকের মাধ্যমে দলকে শিরোপা জিতিয়েছেন। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ওডিআই বিশ্বকাপও নিজেদের দখলে রেখেছেন ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম দশ ওভারের পরে মাত্র ২ উইকেট হারালেও শেষের দিকে নিয়মিত উইকেট হারানোর পাশাপাশি দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে একটি নিম্নমানের স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আরও কিছু রান হাতে থাকলে তাদের বিশ্বমানের বোলিং লাইন-আপ ইংল্যান্ডকে আরও চাপে ফেলতে পারত। তবে, ব্যাটিং বিভাগের ব্যর্থতার পাশাপাশি শাহীন আফ্রিদির চোট পরিস্থিতি আরও জটিল করে তোলে। বিশ্বকাপ শেষ হওয়ার পরে কিংবদন্তী ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকার ইংল্যান্ডের প্রশংসা করে টুইট করেছেন এবং আফ্রিদির চোট নিয়ে তাঁর মনোভাব জানিয়েছেন।

“তোমাদের দ্বিতীয় @T20WorldCup জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। অসাধারণ কৃতিত্ব। এটি একটি ঘনিষ্ঠভাবে লড়াই হওয়া ফাইনাল ছিল এবং আফ্রিদি আহত না হলে এটি আরও আকর্ষণীয় হত। উত্থান-পতনে ভরা বিশ্বকাপ,” তেন্ডুলকার টুইট করেছিলেন।

হাঁটুর গুরুতর চোটে মাঠ ছাড়েন শাহীন আফ্রিদি

১৩তম ওভারে শাদাব খানের বোলিংয়ের বিরুদ্ধে হ্যারি ব্রুক আগ্রাসী শট খেলেছিলেন এবং বাউন্ডারি লাইনে দাঁড়ানো শাহীন বেশ কিছুটা অঞ্চল দৌড়ে এসে একটি দুর্দান্ত ক্যাচ নেন। ক্যাচ সাফল্যর সঙ্গে নিলেও, আফ্রিদি তাঁর হাঁটুতে চোট পেয়ে মাটিতে পড়ে যান।

এরপর মাঠ ছেড়ে বেরোলেও প্রাথমিক চিকিৎসার পরে তিনি ১৬তম ওভার বোলিং করতে ফিরে আসেন এবং মাত্র একটি ডেলিভারি করার পর যন্ত্রণার কারণে মাঠের বাইরে চলে যান। ওভারটি ইফতিখার আহমেদের দ্বারা সম্পন্ন হয়েছিল। তিনি অবশিষ্ট পাঁচ বলে ১৩ রান দেন এবং সেই পরিস্থিতি থেকে ইংল্যান্ডের পক্ষে খেলাটি সম্পূর্ণরূপে ঘুরে যায়।

close whatsapp