টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে হিট উইকেটের মাধ্যমে আউট হলেন হার্দিক পান্ডিয়া

৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন হার্দিক

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Darrian Traynor – ICC/ICC via Getty Images)

অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় সেমি-ফাইনালে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে। ইংলিশ অধিনায়ক টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং মেন ইন ব্লু তাদের নির্ধারিত ২০ ওভারে মোট ১৬৮ রান তোলে। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার অর্ধশতকের সুবাদে ভারত ব্যাট বোর্ডে সম্মানজনক স্কোর তুলেছিল। যদিও ইনিংসের শুরুতে ভারতীয় দল অত্যন্ত মন্থর ছিল। দুই ওপেনারকে হারানোর পরে মিডল অর্ডারে হার্দিকের পারফর্ম্যান্সের সৌজন্যে ভারত শেষ পাঁচ ওভারে দ্রুত গতিতে রান তুলতে সক্ষম হয়েছিল।

পান্ডিয়া ও কোহলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে এবং হার্দিক শেষ কয়েক ওভারে অ্যাক্সিলারেটরে চাপ দেন। ভারতীয় ইনিংসের শেষ বলে ক্রিস জর্ডান একটি শর্ট বল করেছিলেন এবং ব্যাটারটি লেগ সাইডে ফ্লিক মেরে বল বাউন্ডারিতে পাঠালেও পান্ডিয়া ক্রিজে অনেকটা পিছিয়ে থাকায় তাঁর পা স্টাম্পে লেগে যায় এবং বেল পড়ে যাওয়ায় তিনি হিট উইকেট আউট হন।

এভাবে আউটের ফলে তিনি প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে হিট উইকেটের মাধ্যমে আউট হলেন। এর আগে, কেনিয়ার ডেভিড ওবুয়া (২০০৭) এবং বাংলাদেশের নাসুম আহমেদ (২০২১) একইভাবে আউট হয়েছিলেন। পান্ডিয়াকে ধরে এখনও অবধি টি-২০ বিশ্বকাপে কেবল তিন জন হিট উইকেটের কারণে আউট হয়েছেন।

অ্যালেক্স হেলস আজ দুর্দান্ত ছিল: জস বাটলার

এদিকে, ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের মধ্যে বিস্ফোরক অপরাজিত ১৭০ রানের পার্টনারশিপ থি লায়ন্সকে দাপটের সঙ্গে ভারতের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছে। 

“আমি মনে করি তারপর (আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয়) থেকে আমরা যে মনোভাব দেখিয়েছি, তা আশ্চর্যজনক ছিল। আমরা এখানে নামার আগে উত্তেজিত ছিলাম, খুব ভালো অনুভূতি ছিল। ১ থেকে ১১ – সবাই আজ ভালো খেলেছে। আমরা সবসময় দ্রুত এবং আক্রমণাত্মকভাবে শুরু করতে চাই। রশিদ ১১-তে ব্যাট করতে আসত, আমাদের এতটাই অবিশ্বাস্য গভীরতা রয়েছে। হেলস বাউন্ডারির দূরত্ব ভালোভাবে ব্যবহার করেছে এবং সে তার ফর্ম দেখিয়েছে। সে আজ দুর্দান্ত ছিল,” তাঁর দলের জয়ের পরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন।

“উপভোগ করা জরুরী। আমাদের একটি দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল। আমি মনে করি জর্ডানকে আমাদের বিশেষ কৃতিত্ব দিতে হবে, সেমি-ফাইনালে নেমে ডেথে ৩ ওভার বল করা, এটি একটি কঠিন কাজ ছিল। শেষের দিকে, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়ের বিরুদ্ধে, বোলিং করার সময় সে ভালোভাবে চাপ সামলেছে,” তিনি যোগ করেছেন।

১৩ই নভেম্বর রবিবার ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানের মুখোমুখি হবে।

close whatsapp