পরপর দুই ম্যাচে ব্যর্থ হলেও রাহুলের উপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর

রাহুলকে বাদ দিয়ে পান্তকে সুযোগ দেওয়ার আহ্বান উঠেছিল

Vikram Rathour
Vikram Rathour. (Photo by Kai Schwoerer/Getty Images)

পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারানোর পর, টিম ইন্ডিয়া এখন পার্থের অপটাস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। পিচে গতি এবং বাউন্স থাকবে। ওপেনার কেএল রাহুল প্রথম দুই ম্যাচে বিশেষ ছন্দে ছিলেন না এবং কাগিসো রাবাডা, অনরিখ নর্কিয়াদের সামনে গতিশীল পিচে কীভাবে খেলবেন সেইদিকে নজর থাকবে।

দুই ম্যাচেই সুইং সামলাতে ব্যর্থ হয়ে আউট হন রাহুল। দ্বিতীয় ম্যাচে যদিও তিনি আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার এবং রিভিউ নিতে তিনি আগ্রহী না হওয়ায় সেই সিদ্ধান্তই বজায় থাকে। এদিকে আলোচনা শুরু হয়েছে যে ভারত রাহুলকে বাদ দিয়ে ঋষভ পান্তকে ওপেনার হিসাবে খেলাতে পারে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর যদিও এমন দাবী অস্বীকার করেছেন।

“না, না (হেসে) আমরা আসলে সেভাবে ভাবছি না। দুটি ম্যাচ হয়েছে, নমুনা হিসাবে যথেষ্ট বলে মনে করি না। সে (রাহুল) সত্যিই ভালো ব্যাটিং করছে, অনুশীলন ম্যাচে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। সুতরাং, আমরা এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার কথা মোটেও ভাবছি না,” রাঠৌর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন।

পান্তকে তৈরী থাকতে বলছি: বিক্রম রাঠৌর

ঋষভ পান্তের সুযোগ না পাওয়ার বিষয়ে তিনি বলেছেন যে ম্যানেজমেন্ট তাঁকে প্রস্তুত থাকতে বলছে কারণ যে কোন মুহূর্তে সুযোগ আসতে পারে তাঁর। এই প্রসঙ্গে রাঠৌরের মন্তব্য, “দুর্ভাগ্যবশত দলে মাত্র এগারোজন খেলতে পারে। আমরা জানি ঋষভ পান্ত একজন অত্যন্ত ভালো খেলোয়াড়। আর আমরা দেখেছি যে কোন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে সে কী করতে পারে। তাই, আমরা তাকে তৈরী থাকতে বলছি। সুযোগ যে কোনো সময় আসতে পারে।”

পান্তের বিষয়ে রাঠৌরের সংযোজন, “তার জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তাকে অনুশীলন করতে দেখেছেন যাতে সে মানসিকভাবে প্রস্তুত থাকে। দেখা যাক, কখন তার সময় আসে। আমি নিশ্চিত, যখন আসবে তখন সে প্রস্তুত থাকবে।”

পার্থের পরিচিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে নয়, টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হচ্ছে অপটাস স্টেডিয়ামে। তবে এখানেও ওয়াকার চিরাচরিত বাউন্স ও পেস দেখা যাবে। রাবাডা, নর্কিয়া, পার্নেলরা এই ট্র্যাকে আগুন ঝরাতে পারেন বলে আশা করা হচ্ছে। ফলে ভারতের ব্যাটিং বিভাগকে প্রতিকূল পরিস্থিতির কঠিনতম পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

close whatsapp