ক্রিকট্র্যাকারের প্রশ্নোত্তর পর্বে জাফর বাছাই করলেন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং রান সংগ্রাহকের নাম

এক ক্রিকেটপ্রেমীর প্রশ্নের উত্তর দিয়েছেন জাফর

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ায় আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ চলছে এবং বৈশ্বিক ইভেন্টে – উত্তেজনা, নাটক, সাসপেন্স, হতাশা – কোন কিছুরই অভাব ছিল না। ৪৫ ম্যাচের প্রতিযোগিতার মধ্যে ২৫টি ম্যাচ খেলা হয়ে গেছে এবং টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটপ্রেমীরা এবং ক্রিকেট জগতের বিশেষজ্ঞরা অনুমান করতে শুরু করেছে কোন দল কাঙ্ক্ষিত শিরোপা তুলতে পারে বা সেমি-ফাইনালে কোন চারটি দল জায়গা করে নিতে পারে।

শুধু সেমি-ফাইনালিস্ট নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী হিসাবে কাদের দেখা যেতে পারে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। দুই পয়েন্ট পাওয়ার লড়াই এতই তীব্র হয়েছে যে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব দিয়ে দিচ্ছে জেতার জন্য এবং বল বা ব্যাট হাতে এমন কিছু পারফর্ম্যান্স দেখা যাচ্ছে যা অভাবনীয়। বেশ কিছু ম্যাচে একক দক্ষতায় ম্যাচ জেতাচ্ছেন তাঁরা বা খেলার রঙ বদলে দিচ্ছেন।

ওয়াসিম জাফর নিজের পছন্দের নাম জানিয়েছেন

ভারতের প্রাক্তন ব্যাটার ওয়াসিম জাফর টুইটারে একজন ক্রিকেটপ্রেমীর প্রশ্নের উত্তরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন কোন খেলোয়াড় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকতে পারেন। ক্রিকট্র্যাকারের শেয়ার করা একটি টুইটে জাফর সোশ্যাল মিডিয়ায় সেই ক্রিকেটপ্রেমীর প্রশ্নের উত্তর দিয়েছেন।

একজন ক্রিকেটভক্ত জিজ্ঞাসা করেছিলেন – “কে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট গ্রহীতা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক?” যার উত্তরে প্রাক্তন ক্রিকেটার বলেছেন “বিরাট কোহলি এবং আর্শদীপ সিং।”

বিরাট কোহলি নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলমান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ফলে এই সংস্করণে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে থাকার সুযোগ রয়েছে তাঁর। এখনও অবধি দুই ইনিংসে একবারও আউট না হয়ে তাঁর রান ১৪৪। 

অন্যদিকে, তরুণ পেসার আর্শদীপ সিং দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন এবং টুর্নামেন্টের শেষ অবধি ভারতের একাদশে তাঁকে দেখা গেলে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার ভালো সুযোগ থাকবে তাঁর। ডেথ-ওভার বিশেষজ্ঞ হিসাবে তিনি দক্ষতা প্রদর্শন করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে যেখানে তিনি পাওয়ারপ্লেতে জোড়া উইকেট নিয়েছিলেন, সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নেন। ফলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আর্শদীপের নাম দেখা গেলে বিস্ময়ের কিছু থাকবে না।

close whatsapp