ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি দলের প্রতি প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামির আবেগপূর্ণ বার্তা

দলের তুলনা করলেন অবসান হতে চলা রাজবংশের সঙ্গে

Darren Sammy
Darren Sammy. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

আজ শনিবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে খেলতে নামার আগে প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ক্যারিবীয় দলের উদ্দেশে একটি আবেগপূর্ণ নোট লিখেছেন। স্যামি লিখেছেন যে আজকের ম্যাচের ফলাফল যায় হোক না কেন, এতো বছর ধরে এই ওয়েস্ট ইন্ডিজ দলটি যে সাফল্যর মধ্য দিয়ে গেছে এবং ভবিষ্যতের জন্য যে উত্তরাধিকার রেখে যাচ্ছে তাকে তিনি উদযাপন করতে চান। 

যুগের অবসান ঘটতে চলেছে – ড্যারেন স্যামি 

ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজের একজন অনুপ্রেরণামূলক নেতা। তাঁর নেতৃত্বাধীনেই ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। শ্রীলঙ্কায় আয়োজিত ২০১২ বিশ্বকাপ এবং ভারতে আয়োজিত ২০১৬ বিশ্বকাপ জিতে ক্যারিবীয়রা টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল। এতো বছর ধরে চলে আসা এই সাফল্যের ২০২১ টি-২০ বিশ্বকাপে সমাপ্তি হতে দেখে ঘটনাটিকে তিনি একটি রাজবংশের সমাপ্তি  ও যুগের অবসান হিসেবে অভিহিত করেছেন। 

“জিতি বা হারি, আজকের দিনকে আমি এই টি-টোয়েন্টি দল যে উত্তরাধিকার তৈরী করেছে তাকে উদযাপন করার জন্য বেছে নিতে চাই। ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটের সম্রাট ছিল এবং আজ সেই যুগের অবসান ঘটতে চলেছে যে যুগের অংশ হিসেবে আমিও খেলেছি। রাজবংশের শেষ হয়েছে এবং আমি যাবতীয় অবিস্মরণীয় স্মৃতির জন্য তোমাদের ধন্যবাদ জানাই,” স্যামি টুইটারে লিখেছেন। 

গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারার পর ওয়েস্ট ইন্ডিজের এবারের সংস্করণে সেমিফাইনালে পৌঁছনোর সমস্ত আশা শেষ হয়ে যায়। ম্যাচের পর অলরাউন্ডার ডোয়েন ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন, এবং আজকের ম্যাচেই হয়তো ব্রাভোর সাথে সাথে ক্রিস গেইল, রবি রামপল, লেন্ডল সিমন্সদের মতো বর্ষীয়ান ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সিতে দেখা যাবে। 

তাদের অন্যান্য টি-২০ বিশ্বকাপ অভিযানগুলি একেবারেই সহজ ছিল না। বিশেষ করে ২০১৬-র বিশ্বকাপ। স্পনসরশিপ সমস্যা সংক্রান্ত উদ্বেগ, বোর্ডের সাথে সংঘাতসহ বেশ কিছু ধাক্কার সম্মুখীন হতে হয়েছে দলটিকে। এসব সমস্যা তুলে ধরে ২০১৬ সালের শিরোপা জেতার পর স্যামি যে বক্তব্য রাখেন তা ক্রিকেটীয় লোককাহিনীর অংশ। 

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী দল। তাদের ক্রিকেটারদের ব্যাটিং-চরিত্র টি-২০র বিগ-হিটিং স্টাইলের  সঙ্গে মানানসই। তবে এবারের অভিযান তাদের পরিকল্পনা অনুযায়ী চলেনি। অতীত দিনের সুপারস্টারদের প্রতি অতিনির্ভরতার কারণে দলে নমনীয়তার অভাব দেখা দিয়েছিল। 

ওয়েস্ট ইন্ডিজ তাদের চারটি সুপার ১২ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে এবং আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলছে। 

close whatsapp