টি-২০ বিশ্বকাপ ২০২২: দিলশান মাদুশাঙ্কার পরিবর্তে বিনুরা ফার্নান্ডোকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল শ্রীলঙ্কা

কোয়াড্রিসেপ্স পেশীর চোটের কারণে বাদ পড়েছেন মাদুশাঙ্কা

Binura Fernando
Binura Fernando. (Photo by Mark Metcalfe – CA/Cricket Australia via Getty Images)

আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি শ্রীলঙ্কা দলে বাঁ-হাতি ফাস্ট বোলার দিলশান মাদুশাঙ্কার বদলি হিসেবে বিনুরা ফার্নান্ডোকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। ফার্নান্ডো এখনও অবধি নয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। কোয়াড্রিসেপ্স পেশীর চোটের কারণে মাদুশাঙ্কা ছিটকে যাওয়ায় বদলি হিসাবে বিনুরাকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে রওনা হয়ে অস্ট্রেলিয়ার বাকি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন বিনুরা।

বদলি খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ করার আগে একজন খেলোয়াড়ের প্রতিস্থাপনের জন্য ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে আছেন ওয়াসিম খান, আইসিসি জেনারেল ম্যানেজার – ক্রিকেট (চেয়ার); ক্রিস টেটলি, আইসিসি হেড অফ ইভেন্ট; পিটার রোচ, ক্রিকেট অস্ট্রেলিয়া, শেন ডয়েল, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি; শন পোলক (স্বতন্ত্র) এবং ইয়ান বিশপ (স্বতন্ত্র)।

শ্রীলঙ্কার নজর সুপার ১২ পর্বে জায়গা করে নেওয়ার দিকে

সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২২ জিতে আসা শ্রীলঙ্কা তাদের প্রথম-রাউন্ডের অভিযানের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল। প্রত্যাশা করা হয়েছিল এশিয়ার চ্যাম্পিয়নরা অনায়াসে ম্যাচটি জিতবে তবে নামিবিয়া ৫৫ রানে জিতে অঘটন ঘটাতে সক্ষম হয়েছে। 

দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাকি দুটি ম্যাচ জিততে হবে যাতে তাদের সুপার ১২ পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখা যায়। শ্রীলঙ্কা ১৮ই অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে এবং এর পরে ২০শে অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচ আয়োজিত হবে। শ্রীলঙ্কার গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে।

শ্রীলঙ্কার পরিবর্তিত স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুণাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহীষ থিকশানা, জেফ্রি ভ্যান্ডার্সে, চামিকা কারুণারাত্নে, দুষ্মান্থা চামিরা, মাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো, প্রমোদ মাদুশান।

রিজার্ভ: আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দীনেশ চান্দিমাল, নুওয়ানিদো ফার্নান্ডো।

close whatsapp