ঘরের মাঠে সিরিজ জয় নাকি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুললেন সাইমন ডুল

ডুলের মতে এই বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্স দুশ্চিন্তাজনক

Simon Doull
Simon Doull. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বেশ সফল বাংলাদেশ। সমগ্র বিশ্বের দিকে তাকালে বলা যায় ঘরোয়া কন্ডিশনকে সবচেয়ে বেশি নিজেদের উপযোগী করে বাংলাদেশের মতো ব্যবহার করতে খুব কম দলই পারে। কিন্তু বিদেশ সফরে গিয়ে অচেনা কন্ডিশনের মুখে পড়লে মাঠে নামার সাথে সাথেই যেন দলের চেহারা বদলে যায়।

দেশের মাঠের ধারাবাহিক সাফল্য বিদেশে গিয়ে সম্ভবপর করে তুলতে পারছেন না মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবির শিকার বাংলাদেশ। বিদেশের মাঠে টাইগারদের এমন শোচনীয় পারফরম্যান্স দেখার পর এবার কঠোর সমালোচনায় মুখর হলেন সাইমন ডুল।

ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ দাপটের সঙ্গে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। কিন্তু আরব আমিরশাহীর মাঠে সেই বাংলাদেশের কোন চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ প্রথম পর্ব থেকে গ্রুপে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে। তারপর সুপার-১২তে তাদের অভিযান শেষ হতে চলল, এখনো তারা জয়ের মুখ দেখেনি।

বিশ্বমঞ্চে বারংবার এই ব্যর্থতার কারণ বিশ্লেষণ করলেন এবং ভবিষ্যতে ভালো করার উপায় বাতলালেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার। ঘরের বাইরে বাংলাদেশের ব্যর্থতা প্রসঙ্গে ডুলের মন্তব্য,”তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় নাকি তারা ঘরের মাঠে সিরিজ জিততে চায়। এই ব্যাপারে তাদের সুনিশ্চিত হতে হবে।” 

এবারের সংস্করণে বাংলাদেশের পারফর্ম্যান্স চিন্তার বিষয় – সাইমন ডুল

চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশের দুর্দশাগ্রস্ত চেহারা বেরিয়ে এসেছে। দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্ট জুড়েই ফর্ম হাতড়ে বেড়ালেন। সাত ম্যাচে তাঁর সংগ্রহে আট উইকেট।

লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন। ক্যাচিংয়ের কথা যত কম বলা যায় ততো ভালো। সমগ্র অভিযানে বাংলাদেশের ফিল্ডাররা দশের উপর ক্যাচ ফেলেছেন। বিশ্বপর্যায়ে এই ধারাবাহিক হারের করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের মানসিকতার পরিবর্তন ছাড়া উন্নতির আশা দেখছেন না ডুল।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য জনপ্রিয় ধারাভাষ্যকার বেশ কিছু পরামর্শ রেখে বলেন, “আমি মনে করি এটা চিন্তার বিষয়। কোচ-অধিনায়কদের ম্যাচে হার নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। বিশেষ করে এবারের সংস্করণে তাদের পারফর্ম্যান্স নিয়ে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে সময় বেশি নেই। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সব ক্ষেত্রে উন্নতি করা ছাড়া বিকল্প নেই।”

close whatsapp