“আমি হতাশ” – টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে বুমরাহর প্রতিক্রিয়া
এখনও বুমরাহর পরিবর্তর নাম জানানো হয়নি
আপডেট করা - Oct 4, 2022 1:37 pm

সোমবার (৩ অক্টোবর) পিঠের চোটের কারণে জসপ্রিত বুমরাহ্ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বড় ধাক্কা খেয়েছে ভারত। তাঁর অপ্রচলিত অ্যাকশন দিয়ে সেরা ব্যাটারদের সমস্যায় ফেলা এই স্পিডস্টার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে পিঠে ব্যথার অভিযোগ করার পর থেকেই আশঙ্কিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই আশঙ্কা সত্যি করে বুমরাহ্ বৈশ্বিক ইভেন্ট থেকে ছিটকে গেছেন।
বিসিসিআই সম্প্রতি বুমরাহকে টুর্নামেন্টের বাইরে রাখার সিদ্ধান্ত এবং তাঁর চোটের বিষয়ে যে বিবৃতি দিয়েছে তাতে জানিয়েছে “বিশদ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।” সম্ভাব্য পরিবর্ত হিসেবে নাম উঠে আসছে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহারদের।
আমার প্রিয়জনদের কাছ থেকে যে শুভেচ্ছা, যত্ন এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ: জসপ্রিত বুমরাহ্
চোট স্বাভাবিকভাবেই যে কোন খেলোয়াড়ের জন্য হতাশাজনক হতে পারে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য স্পষ্টতই হতাশ হয়েছিলেন বুমরাহ্। সম্প্রতি সমাপ্ত এশিয়া কাপ ২০২২-এও তিনি খেলতে পারেননি। চোটের কারণে বাদ পড়ে যাওয়া এবং তাঁর মাঠে ফিরে আসার শুভকামনার কথা প্রকাশ করে ২৮ বছর বয়সী একটি টুইট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
“আমি হতাশ কারণ আমি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হব না, তবে আমার প্রিয়জনদের কাছ থেকে যে শুভেচ্ছা, যত্ন এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমি সুস্থ হওয়ার সাথে সাথে অস্ট্রেলিয়ায় তাদের অভিযানের সময় আমি দলকে উৎসাহিত করব,” বুমরাহ্ টুইট করেছেন।
I am gutted that I won’t be a part of the T20 World Cup this time, but thankful for the wishes, care and support I’ve received from my loved ones. As I recover, I’ll be cheering on the team through their campaign in Australia 🇮🇳 pic.twitter.com/XjHJrilW0d
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) October 4, 2022
এর আগে চোটের কারণে রবীন্দ্র জাডেজা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই হাঁটুর চোট এবং সেই সংক্রান্ত অস্ত্রোপচারের কারণে তাঁর না থাকা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন বুমরাহ্ও অনুপস্থিত থাকায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য দুশ্চিন্তা বাড়ল। ভারত ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে এবং তার আগে নিউজিল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।