‘রোহিতকে তিনে নামানো হোক’ – ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ নিয়ে পরামর্শ প্রাক্তন পাকিস্তানি স্পিনারের
রোহিত ও কোহলি দুজনেই ব্যর্থ হন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
আপডেট করা - Sep 22, 2022 11:31 am

মোহালির পিসিএ স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সামনে উত্তরের চেয়ে প্রশ্ন বেশী খাড়া হয়েছে। প্রথমে ব্যাট করতে গিয়ে ২০৮/৬ সংগ্রহ করলেও, ভারত ম্যাচটি চার উইকেটে হেরে যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটাররা বিশেষ অবদান রাখতে পারেননি, অন্যদিকে বোলিং বিভাগ বিপর্যস্ত হয়েছিল।
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া পরামর্শ দিয়েছেন যে ভারত তাদের নিয়মিত ব্যাটিং লাইন-আপের পরিবর্তে কোহলি ও রোহিতের পজিশন বদলানোর চেষ্টা করতে পারে। রোহিত ও কোহলি উভয়েই ভারতের টপ-অর্ডার লাইনআপের অবিচ্ছেদ্য অংশ এবং দুজনের একসঙ্গে ব্যর্থ হওয়া ভারতের ছন্দ বাধাগ্রস্ত করে।
“রোহিত শর্মা ওপেনিং করার সময় রান করছে না। আমরা এশিয়া কাপে এটা দেখেছি। সে মাঝেমধ্যে স্কোর করছে। বিরাট কোহলিও ওয়ান ডাউনে ধারাবাহিকভাবে স্কোর করতে পারছে না। হয়তো আপনার কাছে ভালো সুযোগ আছে – রোহিতকে তিনে নামিয়ে আনুন। বিরাট তখন কেএল রাহুলের সাথে ওপেন করতে পারে। অথবা, যদি রোহিত ওপেনিংয়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে, তা হলে আপনি বিরাট ও তাকে দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুলকে ওয়ান ডাউন হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি এত বড় সমস্যা হবে না,” দানিশ কানেরিয়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন।
বোলিং বিভাগ চিন্তায় রাখছে ভারতকে
মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে ভারতের ত্রুটিগুলি উন্মোচিত হয়েছিল কারণ অস্ট্রেলিয়া ২০৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করে সহজেই চার উইকেটে জিতেছিল। অস্ট্রেলিয়া প্রথমে স্বাগতিকদের ব্যাট করতে নামানোর পর, মূলত কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার অর্ধশতক, সূর্যকুমার যাদবের ৪৬ (২৫) কারণে ভারত ২০৮/৬ রানের বিশাল স্কোর খাড়া করতে পারে।
অস্ট্রেলিয়া শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রান তাড়া করেছিল এবং ১৯.২ ওভারে তারা জয় সম্পন্ন করে। গত বছরের বিশ্বকাপের নায়ক ম্যাথিউ ওয়েড এবং ৩০ বলে ৬১ রান করা ক্যামেরন গ্রিন উভয়েই ভারতীয় বোলারদের নির্বিষ করে ছেড়েছিলেন। গ্রিন অস্ট্রেলিয়াকে নিখুঁত সূচনা দেওয়ার পরে ওয়েড ডেথ ওভারে তাঁর দক্ষতা প্রদর্শন করেন এবং ২১ বলে অপরাজিত ৪৫* রান করে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেন।