“সব সময় তোমার সঙ্গে আছি” – কোহলির সেঞ্চুরির পরে অনুষ্কার বিশেষ বার্তা
এশিয়া কাপে ২৭৬ রান করে শীর্ষ রান সংগ্রাহক কোহলি
আপডেট করা - Sep 9, 2022 2:00 pm

ক্রিকেট বিশ্ব দীর্ঘ সময়ের জন্য যার অপেক্ষায় ছিল ১০২১ দিন পর আবারও তা দেখতে পেল। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপের ম্যাচের সময়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তাঁর সেরা ছন্দে আবির্ভূত হয়েছিল এবং পুরো মাঠ জুড়ে শট খেলে বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন। বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর), তাঁর সেঞ্চুরির (১২২*) পরে ভারতীয় ভক্তরা গর্ব করে বলতে পারেন যে ভিনটেজ কোহলি ফিরে এসেছেন এবং কিং কোহলি আবারও রাজত্ব করবেন।
৩৩ বছর বয়সী খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সিরিজের সময় ক্রিকেট থেকে কিছুটা দূরত্ব রেখে বিরতি নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে এটি তাঁর মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং যখন থেকে তিনি ফিরে এসেছেন তখন থেকে পুরনো মেজাজের কোহলিকে দেখা যাচ্ছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপের লড়াই থেকে ভারত ছিটকে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ফর্মে ফিরে আসা দলের জন্য বিশাল ইতিবাচক ব্যাপার।
তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর, কোহলি সেঞ্চুরি উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকাকে। ম্যাচ-পরবর্তী কনফারেন্সে, তিনি তাঁর স্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন তাঁর স্ত্রী পাশে থাকায় তিনি আবার আগের ছন্দে ফিরে আসতে পেরেছেন। এর পরে, অনুষ্কা প্রাক্তন ভারত অধিনায়ককে উৎসর্গীকৃত একটি আবেগময় বার্তা শেয়ার করেছেন।
বলিউড অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন “যে কোন ক্ষেত্রেই সব সময় তোমার সঙ্গে আছি।” বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে হৃদয়ের চিহ্ন সহ উত্তর দিয়েছেন।
কোহলির জন্য অজস্র শুভেচ্ছাবার্তা
৬১ ডেলিভারিতে তাঁর ১২২* রানের মাধ্যমে, বিরাট রিকি পন্টিংয়ের ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ছুঁয়েছেন। তিনি এখন কেবল সচিন তেন্ডুলকারের পিছনে, যার দখলে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। শুধু সেঞ্চুরিই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ২৪০০০ রানও পূর্ণ করেছেন বিরাট।
এই ঐতিহাসিক কৃতিত্বের পরে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্যক্তি প্রাক্তন ভারত অধিনায়কের প্রতি তাঁদের ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করেছেন। পাকিস্তান দলে তাঁর প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে তাঁর প্রাক্তন সতীর্থরা, সবাই কোহলির ইনিংস দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন। সেঞ্চুরির পর কোহলিকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রীও।
এখন আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট কোহলির তাঁর দক্ষতা আরও তীক্ষ্ণ করার চেষ্টা করবেন যাতে টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার হিসেবে অবতীর্ণ হতে পারেন।