টি টোয়েন্টি বিশ্বকাপে রবি বিষ্ণোইয়ের থেকে কুলদীপ যাদবকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। এরপরই অক্টোবরে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপেই যে সেই প্রতিযোগিতার দল গঠনের ড্রেস রিহার্সাল শুরু হয়ে যাবে তা কার্যত স্পষ্ট। আর সেই টি টোয়েন্টি বিশ্বকাপের দলেই রবি বিষ্ণোইয়ের জায়গায় কুলদীপ যাদবকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। রবি বিষ্ণোইকে অবশ্যই ভালবাসেন তিনি। কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতার বিচারে কুলদীপ যাদবকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া।

গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছে। সেখানে ১৫ সদস্যের দলে অবশ্য কুলদীপ যাদবের জায়গা হয়নি। রকবি বিষ্ণোইয়ের ওপরই ভরসা রেখেছে ভারতীয় শিবির। কিন্তু আকাশ চোপড়ার মতে কুলদীপ যাদবই নাকি এগিয়ে রয়েছেন এই প্রতিযোগিতায়। যদিও এশিয়া কাপের দলে সুযোগ পাননি কুলদীপ। তবে সামনেই রয়েছে ভারতের জিম্বাবোয়ে সফর। সেখানেই কিন্তু জায়গা পাকা করে নিয়েছেন কুলদীপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে একাই ৩ উইকেটে পেয়েছিলেন কুলদীপ যাদব

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের যে ভারতীয় দলের প্রধান স্পিনার হিসাবে যুযবেন্দ্র চাহাল খেলবেন তা নিয়ে কোনও প্রশ্ন নেই । কিন্তু স্পিন আক্রমণে তাঁর সঙ্গী কে হবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। সেই প্রতিযগিতাতেই রিস্ট স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে এগিয়ে রাখছেন তিনি।কারণ অতীতে বারবারই কুলচা জুটির সাফল্য লক্ষ্য করা গিয়েছে। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে ফিরেও কুলদীপ কিন্তু নিজের পারফরম্যান্স বেশ সাফল্যের সঙ্গেই দেখিয়েছেন।

নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে যদি কুলদীপ এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে প্রতিযোগিতা হয় তবে কুলদীপ যাদবই এগিয়ে থাকবেন। আমি রবি বিষ্ণোইকে অবশ্যই ভালবাসি, কিন্তু কুলদীপের বোলিংয়ে তারতম্য অনেক বেশী রয়েছে। যদি একজন উইকেট শিকারির খোঁজ থাকে সেই জায়গায় একজন বাঁহাতি বোলার এবং ভিন্ন ধরণের বোলিং স্টাইলের বোলারেরই প্রয়োজন রয়েছে”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে থাকলেও, চোট থাকার জন্য প্রথম চার ম্যাচে নামতে পারেননি কুলদীপ যাদব। শেষ ম্যাচেই নামানো হয়েছিল তাঁকে। আর প্রথম ম্যাচেই নেমেই কিন্তু সফল হয়েছিলেন কুলদীপ যাদব। একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। একইসঙ্গে অবশ্য সেই ম্যাচেই চার উইকেট নিয়েছিলেন রবি বিষ্ণোইও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে রবি বিষ্ণোইও যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছেন। আর সেজন্যই যে তাঁকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আকাশ চোপড়া এগিয়ে রাখছেন কুলদীপ যাদবকেই।

close whatsapp