এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি, তাঁর ফর্মে ফেরার অপেক্ষায় সকলে
আপডেট করা - Aug 11, 2022 3:51 pm

বিশ্রামের সময় শেষ হয়েছে। এবার মাঠে ফেরার পালা। সেইসঙ্গে সমালোচকদের মুখও বন্ধ করার সুযোগ এবার বিরাট কোহলির সামনে। এশিয়া কাপের মঞ্চেই যে সমস্তকিছুর হিসাব নিকাশটা সেরে দিতে চান বিরাট কোহলি তা বলাই বাহুল্য। তাই বাকি ক্রিকেটাররা যখণ ছুটি কাটাচ্ছেন, সেই সময় মুম্বইতেই ইন্ডোরে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। এই সপ্তাহেই তাঁর প্রস্তুতি শুরু করার কথা ছিল। খুব একটা দেরী করলেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবার থেকেই এমসিএ-র ইন্ডোরে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছিলেন তিনি। তাঁর বিশ্রামের সেই সিদ্ধান্ত নিয়েও কম জলঘোলা হয়নি। যদিও বিরাট কোহলি বরাবারই বাইরের কথা কান দিতে খুব একটা পছন্দ করেন না। একইসঙ্গে মুখে নয় ব্যাটেই জবাব দিতে পছন্দ করেন তিনি। আর সেই লক্ষ্যেই নিজের প্রস্তুতি সারতেও নেমে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এখনই মাঠে নামেননি তিনি, ইন্ডোরেই চলছে বিরাট প্রস্তুতি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি
২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকেই বিরাট কোহলির ব্যাটে বড় রানের দেখা নেই। দেশের জার্সি থেকে আইপিএল, সব জায়গাতেই ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সিতে নেমেছিলেন তিনি। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। টেস্ট, একদিনের সিরিজ থেকে টি টোয়েন্টি প্রতিটি ফর্ম্যাটেই ব্যর্থতার চিত্র দেখা গিয়েছিল বিরাট কোহলির ব্যাটে। ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর একটি মাত্রই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। আর সেটা ছিল প্রস্তুতি ম্যাচের মঞ্চে।
এরপরই অবশ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লম্বা সফর। তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে একদিনের সিরিজে বেশীরভাগ সিনিয়র ক্রিকেটারদেরই বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে টি টোয়েন্টিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল ভারত। যদিও বিরাট কোহলি টি টোয়েন্টি সিরিজও খেলেননি। বিশ্রামেই ছিলেন তিনি।
ছুটি কাটিয়ে বেশ কয়েকদিন আগেই দেশে ফিরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। ছুটি কাটিয়ে এই প্রতিযোগিতাতেই ফিরেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে গোটা দেশের চোখ যে তাঁর দিকেই রয়েছে তাও বেশ স্পষ্ট। কারণ সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপ যেমন ভারতীয় দলের কাছে ড্রেস রিহার্সাল তেমনই বিরাট কোহলির কাছেও অ্যাসিড টেস্ট।
এশিয়া কাপে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলিও। সেজন্যই বৃহস্পতিবার থেকেই শুরু করে দিয়েছেন প্রস্তুতি। আগামী ২০ অগস্ট দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। তার আগে অবশ্য এনসিএ-তে তিনদিনের ফিটনেস টেস্টে নামবেন রোহিত শর্মা সহ সকলে। এশিয়া কাপের মঞ্চেই কোহলির বিরাটভাবে প্রত্যাবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।