তরুণদেরকে যথেষ্ট সুযোগ দেওয়ার জন্য দ্রাবিড় ও রোহিতের কৃতিত্ব প্রাপ্য, মত হার্দিকের
দ্রাবিড়ের কোচিংপর্বে ভারতীয় দলে নিয়মিত খেলোয়াড় পরিবর্তন হচ্ছে
আপডেট করা - Aug 4, 2022 12:36 pm

প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দল স্কোয়াডে এবং প্রথম একাদশে ঘন ঘন পরিবর্তন করছে। যদিও অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তাঁর ঘূর্ণন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই পদক্ষেপের প্রশংসা করেছেন। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি জাগানোর জন্য প্রধান কোচের এই কাজকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
টিম ম্যানেজমেন্ট আসন্ন জিম্বাবোয়ে ওডিআই সিরিজের জন্য এবং তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজেও রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ্ ও মহম্মদ শামির মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিল। ভারতীয় অধিনায়ক রোহিত টি-টোয়েন্টি সিরিজে ফিরে এলেও, বাকিরা এই মাসের শেষের দিকে এশিয়া কাপের আগে বিশ্রাম পাচ্ছেন। জসপ্রিত বুমরাহের অনুপস্থিতিতে অর্শদীপ সিং উল্লেখযোগ্য পারফর্ম্যান্স করেছেন এবং অস্ট্রেলিয়ায় এই বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে জায়গা পাওয়ার দাবি জানাতে শুরু করেছেন।
হার্দিক প্রধান কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিতের প্রশংসা করেছেন দলকে একত্রে রেখে ড্রেসিংরুমে একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য। অলরাউন্ডার জানিয়েছেন খেলোয়াড়দের তাদের খেলার সুযোগ সম্পর্কে আগেই জানানো হয় বলে নিজেদের সুযোগ পাওয়া নিয়ে ক্রিকেটারদের বেশী দুশ্চিন্তা করতে হয় না।
“কৃতিত্ব দিতে হয় তাকে (রোহিত শর্মা) ও রাহুল দ্রাবিড়কে, যেভাবে তারা দলকে একত্রিত করেছে। এটা নিশ্চিত করা হয়েছে যে দলে যেন ইতিবাচক মানসিকতা থাকে এবং একই সময়ে খেলোয়াড়রা নিরাপদ বোধ করে, যাতে তারা সুযোগ পাওয়া নিয়ে উদ্বিগ্ন না হয়। নিশ্চিত করা হয়েছে খেলোয়াড়রা যেন যথেষ্ট সুযোগ পায়। তারা না খেললেও সেটা জানানো হচ্ছে, যেটা খুবই প্রশংসনীয়,” হার্দিক তৃতীয় টি-টোয়েন্টির পরে রোহিতের অধিনায়কত্বের বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন।
আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি: হার্দিক পান্ডিয়া
ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় অধিনায়কের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন হার্দিক। তিনি জানিয়েছেন দায়িত্বের কারণে তিনি অস্বস্তি বোধ করেন না। পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব তাঁর খেলার মান আরও বাড়ায় কারণ তিনি দলে অবদান রাখার নতুন উপায় যোগ করার বিষয়ে চিন্তা করতে শুরু করেন।
“আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি এবং এটি আমার খেলা্র মানে আরও বেশী বাড়িয়েছে। যত বেশী খেলেছি, আমি যখনই দায়িত্বের ভূমিকা নিয়েছি তখনই এটা আমার খেলায় একটু বেশী সাবলীলতা যোগ করেছে কারণ এটি আমাকে আরও ভাবতে বাধ্য করে, এবং যখন আমি বেশি চিন্তা করি তখন আমার ক্রিকেটের মূল্য আরও বাড়ে,” হার্দিক যোগ করেছেন।