পাকিস্তানের বিরুদ্ধে এই পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, জানিয়েছেন হরমনপ্রীত কৌর
আপডেট করা - Jul 31, 2022 9:06 pm

কমনওয়েলথ গেমসের মঞ্চে প্রথম পয়েন্ট প্রাপ্তি। তাও আবার তির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বোলিং থেকে ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে এদিন প্রতিটি জায়গাতে সফল হয়েছে ভারতীয় দল। আর তাতেই চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে কমনওয়েলথের মঞ্চে প্রথম পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এই ধারাটাই এবার গোটা প্রতিযোগিতায় ধরে রাখতে মরিয়া। একইসঙ্গে দলের প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্সেও খুশি হয়েছেন হরমনপ্রীত কৌর। ভারত অধিনায়কের চোখে শুধুই এখন পদকের স্বপ্ন।
মিতালী রাজ অবসর নিয়েছেন। সেই জায়গায় এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এতবড় প্রতিযোগিতায় নেমেছেন। শুরুটা হয়ত জয় দিয়ে হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর কোবনও ভুল হয়নি ভারতীয় দলের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে জয়ের রাস্তায় ফিরেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারানোর পারফরম্যান্সটাই যে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে ভারত
টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। শুরু থেকেই ছিল ভারতীয় বোলারদের দাপট। রাধা যাদব এবং স্নেহ রানার জোড়া উইকেটের ধাক্কায় প্রথম থেকেই বেসামাল হয়ে যায় পাকিস্তান। একসময় যে দলের রান ছিল ১ উইকেটে ৫০। সেই পাকিস্তানকেই শেষ করে ভারতীয় বোলাররা ৯৯ রানে। মাত্র দুই উইকেট খুইয়েই সেই রান তুলেও দেন স্মৃতি মন্ধনারা। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
দলের এমন পারফরম্যান্সে অবশ্যই খুশি হয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে সেই কথা জানিয়েওছেন তিনি। হরমনপ্রীত কৌর বলেছেন, “এই ম্যাচে আমরা যথেষ্ট ইতিবাচক ছিলাম। গত ম্যাচে আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছিনাম। আমাদের দলের সকলেই জানত যে এই ম্যাচটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই পারফরম্যান্সটাই আগামী ম্যাচগুলোতে রসদ যোগাবে। সকলের পারফরম্যান্স আমি যথেষ্ট খুশি”।
পাকিস্তানের বিরুদ্ধে এদিন জোড়া অফ স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাতেই সাফল্য। কেন এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল সেই কথাও জানাতে দ্বিধা করেননি হরমনপ্রীত কৌর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “স্নেহ রানা সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। আর সেই কারণেই তাঁকে এই ম্যাচে ভারতীয় দলে ফেরানো হয়েছিল। এছাড়া পাকিস্তান শিবিরে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশী। সেইজন্য দুজন অফ স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা”।
এছাড়া বিশ্বকাপে যাওয়ার আগে এনসিএ-তে ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও নানান আলোচনা হয়েছে তাদের। বেশকিছু পরামর্শও পেয়েছেন তারা। সেটা কাজে লাগিয়েই সাফল্য আসছে বলে জানিয়েছেন হরমনপ্রীত কৌর।