কোভিডের কারণে পুরো ওডিআই সিরিজেই অনিশ্চিত হয়ে গেলেন জেসন হোল্ডার

বাংলাদেশ সিরিজে বিরতির পর ভারতের বিরুদ্ধে হোল্ডারকে স্কোয়াডে ফেরানো হয়েছিল

Jason Holder
Jason Holder. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

বর্তমান যুগের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এবং ভারতের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর আর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং প্রধান কোচ ফিল সিমন্স ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে স্বাগত জানিয়ে বেশ খুশি ছিলেন।

তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করলে ৩০ বছর বয়সীর অনুপস্থিতি দলের উপর বিশাল প্রভাব ফেলবে। প্রাক্তন অধিনায়ক প্রথম ছয়ে ব্যাট করার ক্ষমতা রাখেন এবং খেলার বিভিন্ন পর্যায়ে বোলিং করতে পারেন। তিনি সবচেয়ে নিরাপদ ফিল্ডারদের একজন এবং এই মুহুর্তে অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে তাঁর উপস্থিতি একটি বিশাল পার্থক্য তৈরি করতে পারত।

ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান প্রথম ওয়ানডেতে টসের সময় হোল্ডারের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। “দুর্ভাগ্যবশত জেসন [হোল্ডার]-এর কোভিড হয়েছে তাই সে খেলছে না। যারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলেছিল প্রায় তারাই নামতে চলেছে,” নিকোলাস পুরান প্রথম ওয়ানডেতে টসের সময় বলেছিলেন।

ডেথ ওভারে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটিং সত্ত্বেও ওডিআইতে ভারত ১-০তে এগিয়ে

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে প্রথম ওডিআইতে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল এবং শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল স্বাগতিকদের বিরুদ্ধে ৩ রানের সংকীর্ণ জয় লাভ করতে সখম হয়েছে। জয়ের জন্য ৩০৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সপ্তম উইকেটের জুটি আকিল হোসেইন (৩২*) ও রোমারিও শেফার্ড (৩৯*) প্রায় জিতিয়ে দিচ্ছিলেন ক্যারিবিয়ানদের। যদিও শেষ ওভারে ১৪ রান রক্ষা করার উদ্দেশ্যে বোলিং করতে আসা সিরাজ ১১ রানের বেশী দেননি। এর আগে, শিখর ধাওয়ান ওপেনার হিসেবে নেমে ৯৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন। শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারও হাফ সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ব্যাটাররা ভালো শুরু করার পরেও, মিডল অর্ডারের ব্যর্থতায় ভারত তাদের নির্ধারিত ৫০ ওভারে ৩০৮/৭ তোলে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব (১৪ বলে ১৩), সঞ্জু স্যামসন (১৮ বলে ১২), দীপক হুডারা (৩২ বলে ২৭)। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল (৭ ওভারে ৪৩) ও প্রসিধ কৃষ্ণ (১০ ওভারে ৬২) উইকেট না নেওয়ার পাশাপাশি রানের গতি কমাতেও ব্যর্থ হয়েছেন।  

close whatsapp