“সে এটা করতে পারে” – জাফর মনে করেন টেস্ট ক্রিকেটের একটি বিশেষ রেকর্ড ভাঙতে সক্ষম জো রুট
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে রুট প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন
আপডেট করা - Jul 7, 2022 5:59 pm

ইংল্যান্ড এজব্যাস্টনে পঞ্চম টেস্টে সফরকারীদের পরাজিত করে ১৫ বছরেরও বেশি সময় ধরে ইংলিশ মাটিতে টেস্ট সিরিজ জয়ের ভারতের স্বপ্নকে ভেঙ্গে দিয়েছে। জনি বেয়ারস্টো ও জো রুটের অনবদ্য সেঞ্চুরির সুবাদে চতুর্থ ইনিংসে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা অনায়াসে লক্ষ্য অতিক্রম করে। বেয়ারস্টো যখন টেস্টে তাঁর সাম্প্রতিক সাফল্যর জন্য প্রশংসিত হচ্ছেন, তখন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন যে রুট টেস্টে সচিন তেন্ডুলকারের রানের সংখ্যা ছাড়িয়ে যেতে পারেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দীর্ঘ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন এবং ৭৩৭ রান সংগ্রহ করেছিলেন। সিরিজ ২-২ সমতায় ড্র করার পিছনে রুটের ভূমিকা ছিল অপরিসীম। রুট গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং অবিশ্বাস্য ধারাবাহিকতায় সেঞ্চুরি করে চলেছেন।
প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে ইয়র্কশায়ারের হয়ে খেলা রুট টেস্ট ক্রিকেটে সচিনের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন। জাফর বলেছেন যে যদিও ইংলিশ এবং অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের কেরিয়ারে তাড়াতাড়ি ইতি টানেন, কিন্তু রুট যদি পরবর্তী ৫-৬ বছর সাম্প্রতিক সময়ের ছন্দে খেলে যেতে পারেন তবে তিনি মাইলফলক ছুঁতে পারেন।
“সে যদি বেশী দিন খেলতে পারে তবে সে এটা করতে পারে। তার বয়স মাত্র ৩১ বছর। আমরা সবাই জানি যে ইংলিশ এবং অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের কেরিয়ার দীর্ঘ নয়। তবে, যদি সে আরও ৫-৬ বছর খেললে, আমি মনে করি যে সে রেকর্ডটি ভাঙতে সক্ষম হবে,” জাফর ইএসপিএনক্রিকইনফোতে একটি আলোচনার সময় বলেছেন।
টেস্টে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে পেছনে ফেলেছেন জো রুট
বার্মিংহ্যাম টেস্টে জয়ের পর এই ইংলিশম্যান তাঁর দখলে আরও একটি পালক যোগ করেছেন। তিনি টেস্টে হাশিম আমলা এবং মাইকেল ক্লার্কের ২৮টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন। আইসিসি র্যাঙ্কিংয়ে ১ নম্বর টেস্ট ব্যাটার সমসাময়িক ব্যাটার বিরাট কোহলি ও স্টিভ স্মিথের টেস্ট সেঞ্চুরিসংখ্যা ২৭ ছাড়িয়ে একধাপ এগিয়ে গেছেন। বর্তমানে রুট ১২১ টেস্টে ১০,৪৫৮ রান করেছেন এবং খেলার ঐতিহ্যবাহী ফর্ম্যাটে তেন্ডুলকারের ১৫,৯২১ রানের সংখ্যাকে টপকাতে হলে আগামী কয়েক বছর নিরন্তর রান করে যেতে হবে।