ইংল্যান্ডের ১০০ রানের ওপেনিং পার্টনারশিপের পরই টুইটারে ওয়াসিম জাফরকে টিপ্পনি মাইকেল ভনের
আপডেট করা - Jul 4, 2022 9:04 pm

মাঠের ভিতরের বাকযুদ্ধটা শুরু হয়েছিল গতকালই। সোমবার মাঠের বাইরেও শুরু হয়ে গেল বাকযুদ্ধ। আর সেটা আরম্ভ করলেন মাইকেল ভন। শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ ১০০ রানের গন্ডী টপকাতেই ফের ওয়াসিম জাফরকে টিপ্পনি প্রাক্তন তারকা ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনের। ইংল্যান্ডের হঠাত্ এমন পারফরম্যান্স দেখে ওয়াসিম জাফর চিন্তায় পড়ে যাননি তো। টুইট করে প্রাক্তন ভারতীয় তারকার উদ্দেশ্যে এমনই এক টিপ্পনি করলেন মাইকেল ভন।
মাইকেল ভন বনাম ওয়াসিম জাফরের টুইট লড়াই ক্রিকেট বিশ্বে বেশ চর্চিত। ভারতের সিরিজ চলুক কিংবা ইংল্যান্ডের কোনও সিরিজ। দুই তারকা সুযোগ পেলেই একে অপরকে টিপ্পনি কাটতে ছাড়েন না। এবার এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ম্যাচ চলছে। আবার সেই ম্যাচ উপলক্ষ্যে ওয়াসিম জাফরও উপস্থিত রয়েছেন ইংল্যান্ডেই। প্রথম দিনে খুব একটা তাদের টুইট লড়াই দেখা না গেলেও, সোমবার তারই সূচনা হয়ে গেল মাইকেল ভনের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত ওয়াসিম জাফরের তরফ থেকে কোনও উত্তর আসেনি। মাইকেল ভন টুইট করে লিখেছেন, “তুমি কী এখন চিন্তায় পড়ে গিয়েছ ওয়াসিম জাফর”।
ওপেনিংয়ে ১০৭ রানের পার্টনারশিপ গড়েছেন লিস ও জ্যাক ক্রলি
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তুলেছিল ভারত। ভারত প্রথম ইিংসে থেমেছিল ৪১৬ রানে। যার জবাবে ব্যাট করতে নেমে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল ব্রিটিশ বাহিনী। জনি বেয়ারস্টো সেঞ্চুরী না পেলে ইংল্যান্ড বোধহয় আরও তাড়াতাড়িই শেষ হয়ে যেত ভারতের সামনে। যদিও ভারতের ৪১৬ রানেপ জবাবে ৩০০ রানের গন্ডী টপকাতে ব্যর্থই হয়েছিল ইংল্যান্ড। লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল।
Are you nervous yet @WasimJaffer14 😜😜
— Michael Vaughan (@MichaelVaughan) July 4, 2022
কিন্তু ভারতও কিন্তু দ্বিতীয় ইনিংসে বড় রান করতে একেবারেই ব্যর্থ হয়েছেন। ২৪৫ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারার অর্ধশতরান ছাড়া কোনও ক্রিকেটারই রান পাননি এদিন। ৩৭৭ রানের লিড নিয়েই থামতে হয়েছিল ভারতকে। এগিয়ে থাকলেও, ইংল্যান্ডের হাতে সময় রয়েছে অনেকটা।
সেখানেই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ শুরুটা বেশ ভালভাবেই করেছিল। চা বিরতির আগেই ১০০ রানের ওপেনিং পার্টনারসিপ তৈরি করে ফেলেছিল ক্রলি এবং লিস। যদিও সেই পার্টনারশিপ ভাঙেন জসপ্রীত বুমরাহ। জ্যাক ক্রলিকে ৪৬ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও সেই সময় ক্রিজে ছিলেন লিস।
চা বিরতির আগে মাত্র এক উইকেট খুইয়ে ইংল্যান্ডের রান ছিল ১০৭। আর তা দেখার পরই টুইটারে ওয়াসিম জাফরের উদ্দেশ্যে টিপ্পনি মাইকেল ভনের। এমন পরিস্থিতি দেখে ওয়াসিম জাফর কী চিন্তায় পড়ে গিয়েছেন, এটাই জিজ্ঞাস্য তাঁর। এখনও অবশ্য উত্তর দেয়নি জাফর। তবে সুযোগের অপেক্ষায় যে তিনিও রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।